ব্রাজিল, আর্জেন্টিনা ও প্যারাগুয়ের সীমান্তে মিলিত হয়েছে ইগাজু ও পারানা নদী। এই সীমান্ত গুরুত্বপূর্ণ পর্যটন এলাকা হলেও সংঘবদ্ধ অপরাধ ও সন্ত্রাসবাদী কার্যক্রমের জন্য কুখ্যাতি রয়েছে। বিশেষ করে সন্ত্রাসবিরোধী আইন না থাকায় প্যারাগুয়ের সীমান্তটির নাম ডাক বেশি। আর এমন ভয়ংকর স্থানে লড়বেন জনি ডেপ।
ভ্যারাইটি জানায়, পুরো বিষয়টি ঘটবে সিনেমায়। নতুন একটি ক্রাইম থ্রিলারে দেখা যাবে জনি ডেপকে। প্রথমে শোনা গিয়েছিল সিনেমাটিতে অভিনয় করবেন টম হ্যাংকস। ‘ট্রিপল ফ্রন্টিয়ার’ নামের থ্রিলারটি পরিচালনা করবেন ‘আ মোস্ট ভায়োলেন্ট ইয়ার’ ও ‘অল ইন লস্ট’খ্যাত জেসি ক্যান্ডর।
কয়েক বছর ধরে হিট সিনেমা উপহার দিতে পারছেন না জনি ডেপ। সম্প্রতি ফোর্বস জানায়, বেশি পারিশ্রমিক নিয়ে কম লাভ ফেরত দেওয়া তারকাদের এক নাম্বারে আছেন তিনি। সামনে মুক্তি পাবে জনির তিন সিনেমা— ‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান : ডেড মেন টেল নো টেইলস’, ‘ইয়োগা হোসার্স’ ও ‘এলিস থ্রু দ্য লুকিং গ্লাস’। এর সঙ্গে যুক্ত ‘ট্রিপল ফ্রন্টিয়ার’। এ দিকে ‘ব্ল্যাক মাস’ সিনেমায় হোয়াইটি বুলগার চরিত্রে অভিনয় করে সম্প্রতি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড মনোনয়ন পেয়েছেন জনি ডেপ।
কয়েক বছর আগে ‘ট্রিপল ফ্রন্টিয়ার’র পরিচালক হিসেবে শোনা যায় ‘দ্য হার্ট লকার’খ্যাত ক্যাথরিন বিগলের নাম। ওই সময় কাস্টের তালিকায় ছিলেন জনি ডেপ, টম হ্যাংকস, শন পেন, উইল স্মিথ, হাভিয়ের বারদেম ও ক্রিশ্চিয়ান বেল।

Post a Comment