তাঁরা দুজন ভারত উড়ে গেলেন একই সঙ্গে। কিন্তু সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানের যাত্রা কতই না ভিন্ন! প্রতি মৌসুমে খেলতে খেলতে প্রথমজনের কাছে আইপিএল এখন প্রায় ডালভাত।
আর দ্বিতীয়জন এই প্রথমবারের মতো খেলছেন বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্টে। বাঁহাতি অলরাউন্ডারের চেয়ে বাঁহাতি পেসারের রোমাঞ্চটা বেশিই হওয়ার কথা! ষষ্ঠ বাংলাদেশি হিসেবে মুস্তাফিজকে ডাকা হয় এবার। নিলামে এক কোটি ৪০ লাখ রুপিতে সানরাইজার্স হায়দরাবাদ দলে টানে এই ‘কাটার মাস্টার’কে। ৯ এপ্রিল থেকে শুরু হওয়া এবারের আইপিএলে খেলতে কাল বিকেল ৫টায় দেশ ছাড়েন মুস্তাফিজ। ১২ এপ্রিল মুস্তাফিজের দলের প্রথম ম্যাচ। সাকিবের দল কলকাতা নাইট রাইডার্সের প্রথম খেলা ১০ এপ্রিল।
Post a Comment