মুক্তির অপেক্ষায় রয়েছে আইসক্রিম ছবিটি। এতে দুটি বিশেষ চরিত্রে অভিনয় করেছেন পারভীন সুলতানা দিতি ও সায়েম সাদাত।
ছবি মুক্তির আগেই এই দুই অভিনয়শিল্পী চলে গেছেন পৃথিবী ছেড়ে। তাঁদের প্রতি শ্রদ্ধা জানাতেই আইসক্রিম ছবিটি তাঁদের স্মৃতির উদ্দেশে উৎসর্গ করা হয়েছে। সম্প্রতি ছবিটির ট্রেলারেও এমনটি দেখা গেছে। ছবির পরিচালক রেদওয়ান রনি বলেন, ‘এটা আমাদের জন্য খুবই দুঃখের। একটি ছবির দুজন শিল্পী গত হয়েছেন। এটা বাংলাদেশের মিডিয়ার জন্যও অনেক বড় ক্ষতি। তাই তো ছবিটি তাঁদের উৎসর্গ করা।’গত বছরের এপ্রিলে আইসক্রিম ছবির দৃশ্যধারণে অংশ নেন দিতি ও সায়েম। অভিনেত্রী দিতি তাঁর অংশের শুটিং শেষ করলেও অসুস্থতার জন্য ছবির ডাবিংয়ে অংশ নিতে পারেননি। ছবিতে দিতির চরিত্রে কণ্ঠ দিয়েছেন মাহমুদা আপন।
এদিকে সায়েম সাদাত ২০১৫ সালের ১১ মে শেষনিশ্বাস ত্যাগ করেন। ছবিতে তাঁর চরিত্রে কণ্ঠ দিয়েছেন সৌমিক আহমেদ।
চোরাবালির পর রেদওয়ান রনির দ্বিতীয় ছবি আইসক্রিম। ত্রিভুজ প্রেমের এই ছবির গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন লাক্স তারকা নাজিফা তুষি, রাজ, উদয়, এ টি এম শামসুজ্জামান ও ওমর সানী। ছবিটি ২৯ এপ্রিল দেশব্যাপী মুক্তি পাবে।
Post a Comment