অদ্ভুতুড়ে 8:43 AM
মাইক্রোসফট বাজারে আসছে স্মার্টওয়াচ

পরিধেয় প্রযুক্তিপণ্য হিসেবে স্মার্টওয়াচ বাজারে আনার পরিকল্পনা করেছে বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট। গতকাল ফোর্বস-এর এক খবরে এ তথ্য জানানো হয়েছে।
স্মার্টওয়াচ তৈরিতে মাইক্রোসফটের কাইনেক্ট-প্রযুক্তি বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তাকে কাজে লাগাচ্ছে প্রতিষ্ঠানটি। এক্সবক্স ভিডিও গেম কনসোলের বেশ কিছু প্রযুক্তি যাতে স্মার্টওয়াচে যুক্ত করা যায় তা নিয়ে কাজ করবেন তাঁরা। খবর এএফপির।
মাইক্রোসফটের স্মার্টওয়াচে কিছু ফিটনেস ফিচারও থাকবে। এ ছাড়াও স্মার্টফোনের আরও বেশ কিছু ফিচার এতে যুক্ত হবে। মাইক্রোসফটের স্মার্টওয়াচে বিশেষ সেন্সর থাকবে যা শরীর-বৃত্তিক বিভিন্ন তথ্য পেতে সাহায্য করবে। স্মার্টওয়াচে থাকবে ইন্টার-অ্যাকটিভ টাচ প্যানেল। স্বচ্ছ অ্যালুমিনিয়ামের কাঠামোতে তৈরি এই স্মার্টওয়াচ আসতে পারে ‘সারফেস’ ব্র্যান্ড নাম নিয়ে।
বাজার বিশ্লেষকেরা ধারণা করছেন, মাইক্রোসফটের স্মার্টওয়াচ হবে উইন্ডোজ অপারেটিং সিস্টেমনির্ভর। অবশ্য পরিধেয় প্রযুক্তিপণ্য নিয়ে এখনই খুব বেশি কথাবার্তা বলছে না বিশ্বের বৃহত্তম সফটওয়্যার নির্মাতা এই প্রতিষ্ঠানটি। অনেকেই ধারণা করছেন, স্মার্টওয়াচে অ্যান্ড্রয়েড ও আইওএস প্ল্যাটফর্মের অ্যাপ্লিকেশনও সমর্থন করবে।
মার্কিন প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, পরিধেয় প্রযুক্তিপণ্য তৈরিতে বড় ধরনের পরিকল্পনা নিয়ে এগোচ্ছে মাইক্রোসফট। তাদের এ-সংক্রান্ত পেটেন্টও রয়েছে। এর আগে প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জে প্রকাশিত এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, দেড় ইঞ্চি মাপের ডিসপ্লেযুক্ত সারফেস স্মার্টওয়াচের প্রোটোটাইপ তৈরি করে তা পরীক্ষা করে দেখছেন মাইক্রোসফটের সারফেস বিভাগের কর্মকর্তারা। টাচ স্ক্রিন সুবিধার বিশেষ ধরনের এই স্মার্ট হাতঘড়িতে বিভিন্ন ধরনের উইন্ডোজ অ্যাপ্লিকেশন ব্যবহারের সুবিধা থাকবে।
মাইক্রোসফট ছাড়াও স্মার্ট হাতঘড়ি তৈরিতে কাজ করছে অ্যাপলসহ এক ডজনের বেশি প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান। বাজার-গবেষণা প্রতিষ্ঠান আইডিসির গবেষকেরা জানিয়েছেন, এ বছর পরিধেয় প্রযুক্তিপণ্যের বিক্রি গত বছরের চেয়ে তিনগুন বেড়ে যাবে। এ বছর এক কোটি ৯০ লাখ ইউনিট স্মার্টওয়াচ বিক্রি হতে পারে যা ২০১৮ সাল নাগাদ প্রায় ১১২ কোটিতে পৌঁছাতে পারে।

Post a Comment

'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.