চীনের শীর্ষ ই-কমার্স সাইট আলিবাবার বিরুদ্ধে নকল পণ্য বিক্রির অভিযোগ এনে মামলা করেছে ইতালিয়ান লাইফস্টাইল ব্র্যান্ড গুচি, ফ্রেঞ্চ বিলাসবহুল পণ্য নির্মাতা কেরিং, জার্মান স্পোর্টসওয়্যার ব্র্যান্ড পুমাসহ একাধিক ফ্যাশন পণ্য নির্মাতা।
বিবিসি জানিয়েছে, আলিবাবার মালিকানাধীন বিভিন্ন সাইটের মাধ্যমে ক্রেতাদের কাছে ব্যাপক হারে নকল পণ্য বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ প্রতিষ্ঠানগুলোর। আদালতের বাইরে এই জটিলতা সমাধান করার চেষ্টা করা হলেও, সেই চেষ্টা ব্যর্থ হয়েছে বলে জানিয়েছে কেরিং।
নকল পণ্য ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে আলিবাবা। তবে পাশাপাশি আদালতে লড়াই করার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
২০১৪ সালের জুলাই মাসেই আলিবাবার বিরুদ্ধে মামলা করে বসেছিল কেরিং। তবে সেবার আদালতের বাইরেই আলোচনার মাধ্যমে নকল পণ্য ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় ওই মামলা উঠিয়ে নেয় কেরিং।
অন্যদিকে খোদ চীনেই নকল পণ্যের দৌরাত্ব নিয়ে সমালোচনার মুখে পরেছে আলিবাবা। আলিবাবা এই ইসুকে যথেষ্ট গুরুত্ব দেয়নি বলে চলতি বছরের শুরুর দিকেই প্রতিষ্ঠানটির সমালোচনা করেছিল চীনের একটি নিয়ন্ত্রক সংস্থা।

Post a Comment