![]() |
| প্রিয়াংকার আমেরিকান নতুন টিভি সিরিয়াল |
নিজের অভিনয়-পারফরমেন্সের মাধ্যমে এরই মধ্যে বলিউড মাতিয়েছেন প্রিয়াংকা চোপড়া। প্রতিটি শাখাতেই তিনি নিজের সর্বোচ্চটা দিয়ে দর্শকের হৃদয় জয় করেছেন। দুর্দান্ত অভিনয়শৈলীর মাধ্যমে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও বগলদাবা করেছেন তিনি। অভিনেত্রীর বাইরে আইটেম কন্যা হিসেবেও ভাল সাফল্য পেয়েছেন এ তারকা। তার করা প্রায় সব আইটেম গানই দর্শক প্রিয়তার শীর্ষে ছিল। শুধু অভিনয়ই নয়, গানেও প্রিয়াংকা চোপড়া কারিশমা দেখিয়েছেন। পিটবুলের সঙ্গে করা তার ‘এক্সোটিক’ গানটি দর্শক সংখ্যার দিক দিয়ে ইউটিউবে প্রথম এক সপ্তাহেই রেকর্ড ভেঙে ছিল। তবে প্রিয়াংকা চোপড়া এবার আসছেন অন্যরূপে। বলিউডের পর এবার তাকে দেখা যাবে আমেরিকান একটি নতুন টিভি সিরিয়ালে।
এই সিরিয়ালে কাজ করেছেন আমেরিকার টিভি অঙ্গনের জনপ্রিয় সব তারকা। একটি বিশেষ ও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে প্রিয়াংকাকে। সবাইকে চমক দেয়ার জন্য এতদিন এই বিষয়টি গোপন রেখেছিলেন প্রিয়াংকা। তবে এবার তা খোলাসা হয়েছে সিরিয়ালটির ট্রেইলার প্রকাশের মধ্য দিয়ে। আমেরিকান টেলিভিশন চ্যানেল এবিসিতে প্রচার শুরু হতে যাওয়া ‘কুয়েনটিকো’ নামক এই সিরিয়ালে প্রিয়াংকা অভিনয় করেছেন এফবিআই এজেন্ট রূপে। এখানে অভিনয় করতে গিয়ে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্যে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। পাশাপাশি রোমান্টিক দৃশ্যেও কাজ করেছেন তিনি। সব মিলিয়ে সিরিয়ালটির টানা শুটিং তিনি করেছেন মাস ছয়েক আগে। আগামী কিছুদিনের মধ্যেই সিরিয়ালটি অন এয়ার হতে যাচ্ছে।

Post a Comment