চল এখন আরামদায়ক ফ্ল্যাট জুতো-স্যান্ডেলের। কিন্তু তাই বলে কি হাই হিলের আবেদন কমে গেছে? মোটেই নয়। বরং ফ্রান্সের এক গবেষণা বলছে, হাই হিল পরিহিত নারীদের প্রতি পুরুষের মনোযোগ থাকে অনেক বেশি।
এই গবেষণার পেছনে ছিলেন ফ্রান্সের রেনের Université de Bretagne-Sud এর মনস্তত্ববিদ ডক্টর নিকোলাস গিউজন। হাই হিল পরিহিত নারীরা পুরুষের কাছে অনেক বেশি আকর্ষণীয় হয়ে ওঠেন- এ ব্যাপারটি আমাদের জানা থাকলেও এ ব্যাপারে গবেষণা এই প্রথম।
গবেষণায় ছিলো চারটি ধাপ। চার জন অংশগ্রহণকারী নারীকে ফ্ল্যাট অথবা ২-৪ ইঞ্চি উঁচু হিল পরার জন্য অনুরোধ করা হয়। প্রথম পর্যায়ে এই নারীরা রাস্তায় দাঁড়িয়ে পথচারীদের একটি জরিপে অংশ নেওয়ার আহ্বান জানান। ফ্ল্যাট পরা অবস্থায় তাদের আহ্বানে সাড়া দেন ৪২ শতাংশ পুরুষ পথচারী , ২ ইঞ্চি হিল পরিহিত অবস্থায় ৬০ শতাংশ এবং ৪ ইঞ্চি হিল পরিহিত অবস্থায় ৮২ শতাংশ। নারী পথচারীদের ওপরে হিলের উচ্চতার কোনো প্রভাব দেখা যায় না।
অন্য একটি ক্ষেত্রে এই নারীরা রাস্তায় হাঁটতে হাঁটতে একটি দস্তানা ফেলে দেন এবং পুরুষেরা তাদেরকে এটি উঠিয়ে দেয় কিনা তা লক্ষ্য করা হয়। এক্ষেত্রেও হিল পরিহিতা নারীদের প্রতি পুরুষের মনোযোগ বেশি দেখা যায়। ফ্ল্যাট পরিহিত অবস্থায় ৬২ শতাংশ ক্ষেত্রে ওই নারীকে একজন পুরুষ এই দস্তানা উঠিয়ে দেন রাস্তা থেকে। আর হিল পরিহিতা অবস্থায় ৯৩ শতাংশ ক্ষেত্রেই একজন পুরুষ এগিয়ে আসেন সাহায্য করতে।
ঠিক কী কারণে এটা ঘটে। সহজ ব্যাখ্যা হলো, হাই হিল পুরুষের চোখে নারীকে বেশি আকর্ষণীয় করে তোলে। আগের কিছু গবেষণায় দেখা যায়, হাই হিল পরলে নারীর হাঁটার ভঙ্গি এবং শরীরের ভঙ্গিমা পরিবর্তিত হয় এমনভাবে যা পুরুষের চোখে আকর্ষণীয়। এ ছাড়াও বিভিন্ন জনপ্রিয় মিডিয়ার অতিরঞ্জনের কারণে আমরা ধরেই নেই হাই হিল মানেই আকর্ষণীয়। তাই হাই হিল পরিহিতা নারীদের প্রতি পুরুষের আকর্ষণ ও মনোযোগ বেশি হতে দেখা যায়।

Post a Comment